Local
অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচার, সিআইডির জালে ৮ সদস্য
অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে বিদেশে কোটি কোটি টাকা পাচার, সিআইডির জালে ৮ সদস্য

আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ করে বিদেশে পাচারের অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের মূলহোতাসহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সিআইডি জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ ও পরিচালনা করছিল। এসব সাইটে জুয়াড়িরা বিকাশ, নগদ, রকেট, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে অর্থ লেনদেন করতো। পরে অবৈধভাবে অর্জিত অর্থ ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্রতি আকৃষ্ট করে গত প্রায় ৬ মাস ধরে প্রতিদিন আনুমানিক ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত অবৈধ লেনদেন পরিচালনা করতো চক্রটি। ওই অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার করা হতো।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আশরাফ উদ্দীন আহম্মেদ (৩২), সজীব চক্রবর্তী (২৯), মো. আশরাফুল ইসলাম (৪০), মো. জসীম উদ্দীন (৩৬), তৈয়ব খান (২৬), সৌমিক সাহা (২৮), মো. কামরুজ্জামান (৩৬) ও আব্দুর রহমান (৪৭)।
সিআইডি সূত্রে জানা যায়, সাইবার মনিটরিংয়ের সময় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রের কার্যক্রম শনাক্ত করা হয়। এ ঘটনায় পল্টন মডেল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।
তদন্তের অংশ হিসেবে গত ৬ মে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথম দফায় ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য ও অনলাইন সার্ভিল্যান্স ডেটা বিশ্লেষণ করে ১৬ মে নরসিংদীর পলাশ এবং ঢাকার ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করা হয়।
অভিযানে সিআইডি মোট ১৩টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড, বিকাশ এজেন্ট সিম, কুরিয়ার রশিদসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করেছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় ভুয়া এজেন্ট সিম পাঠানোর তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
সিআইডি আরও জানায়, চলতি মে মাসের ১ তারিখ থেকে পরিচালিত সাইবার পেট্রোলিংয়ে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে বন্ধের জন্য বিটিআরসিতে পাঠানো হয়েছে। পাশাপাশি অবৈধ লেনদেনের অভিযোগে ৮৭৯টি এমএফএস হিসাব ও ৪৩টি ব্যাংক হিসাব বিএফআইইউতে পাঠানো হয়েছে।
সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত এবং পুরো চক্রের তথ্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Subscribe to Newsletter
Get the latest news directly to your inbox
Related Articles


LocalAugust 25, 2026
ফুলপুর বাসস্ট্যান্ডে অটো চুরি ও জননিরাপত্তায় ওসির নেতৃত্বে আলোচনা
mymensingh1 min read

LocalAugust 23, 2026
ময়মনসিংহ ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
mymensingh2 min read

LocalAugust 22, 2026
ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় উদ্ধার হলো দুটি লজ্জাবতী বানর
mymensingh2 min read
