Monday, August 31, 2026
Local

জনবান্ধব ইউএনও সাদিয়া ইসলাম সীমা, ফুলপুরবাসীর প্রশংসায় ভাসছেন

M

mymensingh

Local Correspondent

May 14, 20262 min read167 views
জনবান্ধব ইউএনও সাদিয়া ইসলাম সীমা, ফুলপুরবাসীর প্রশংসায় ভাসছেন
ছবি- ফুলপুর ২৪
ময়মনসিংহের ফুলপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা একজন জনবান্ধব ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে তিনি একাধারে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করে আসছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। পূর্বের দলীয় ভাগ-বাটোয়ারার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উন্নয়ন কর্মকাণ্ডে নিরপেক্ষতা বজায় রাখায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন ও কাজের মান যাচাই ছাড়া তিনি কখনো বিল অনুমোদন দেননি। ফলে দুর্নীতির সুযোগ কমে যাওয়ায় এলাকায় টেকসই উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব হয়েছে। বিশেষ করে তার সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে রাস্তার ইটের সলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে, যা স্থানীয়দের মতে বিগত অনেক বছরের তুলনায় উল্লেখযোগ্য। এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক মাদকসেবী ও অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন বলেও জানা গেছে। দাফতরিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত উপজেলার প্রত্যন্ত অঞ্চল পরিদর্শন করে সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন এবং তা সমাধানে কাজ করছেন। নিরলস পরিশ্রম করতে গিয়ে একাধিকবার অসুস্থ হলেও সুস্থ হয়ে পুনরায় দায়িত্ব পালনে সক্রিয় হয়েছেন তিনি। স্থানীয়রা জানান, সমালোচনার তোয়াক্কা না করে ন্যায়নীতি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা। ফুলপুরবাসীর পক্ষ থেকে তার প্রতি অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

Subscribe to Newsletter

Get the latest news directly to your inbox

Related Articles